আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দক্ষতা ও ভাষাগত যোগ্যতা বাড়িয়ে কর্মীদের বিদেশে পাঠানো গেলে তাঁরা নিজেরা যেমন বেশি উপকৃত হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এদিকে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জন্য দিনটি অত্যন্ত স্মরণীয়। প্রাথমিকভাবে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। সব মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর লক্ষ্য রয়েছে সরকারের। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষিত করে বিদেশে পাঠাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কর্মীদের দক্ষতা বাড়ানো গেলে তাঁরা কর্মক্ষেত্রে ভালো করতে পারবেন এবং দেশের জন্যও বেশি অবদান রাখতে পারবেন।
ভাষাগত দক্ষতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাঁদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। এতে বিদেশে গিয়ে কর্মীদের কাজ করা ও স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সুবিধা হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা যেন সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। পাশাপাশি মালয়েশিয়ার সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তিনি। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণ ও কাজের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও আচরণ দেখে বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে ধারণা পান। বাংলাদেশি কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও বেশি কর্মী নিয়োগে আগ্রহী হবে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী।

এদিকে দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মী আবাসন ও চিকিৎসাসুবিধাও পাবেন। তাঁদের অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়েও দুই প্রধানমন্ত্রী একমত হন।